শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে

।।শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে।।

হালকা শীতের আমেজ গায়ে মেখে একটা ছোট্ট বিকেল কাটিয়ে এলাম হাওড়া জেলার দেউলটিতে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে।ছিমছাম গ্রাম্য পরিবেশে রূপনারায়ণ এর তীরে বাড়িটি। বাড়িতে ঢোকার গেটটা রংবেরং এর বোগেনভিলিয়াতে ছাওয়া। বাড়ির ভিতরে ওনার বিশ্রাম কক্ষ, শয়ন কক্ষ, লেখালেখি করার ঘর সবই সুন্দর করে রক্ষনাবেক্ষণ করে রাখা আছে। গাছগাছালির ছায়ায় ঘেরা দোতলার বারান্দাটায় বসে থাকতে ইচ্ছে করবে। সবচেয়ে সুন্দর লেগেছে দোতলার বারান্দায় দাঁড়িয়ে রূপনারায়ণ নদীর উপর এক অসাধারণ সূর্যাস্ত প্রত্যক্ষ করা।
    কথাশিল্পীর বাড়ি ঘুরে দু মিনিট হেঁটে চলে গেলাম রূপনারায়ণ নদীর ধারে। সেখানে কিছুক্ষণ ঘুরে বেড়িয়ে রূপনারায়ণ নদীর বুকে সন্ধ্যে নামার সাক্ষী থেকে ফিরে চললাম বাড়ির পথে।
।। কীভাবে যাবেন।।
১. ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে পাঁশকুড়াগামী যেকোনো লোকালে চেপে নামুন দেউলটিতে। সেখান থেকে টোটো করে চলে আসুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। ভাড়া নেবে 20/- অথবা 30/-
২. যদি প্রাইভেট গাড়িতে আসতে চান তাহলে  NH-6 ধরে সোজা চলে আসুন দেউলটি। তারপর যেকোনো লোকাল লোককে জিজ্ঞাসা করলেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির রাস্তা দেখিয়ে দেবে। এছাড়াও Google Map তো রয়েছেই।

।।কিছু তথ্য।।
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে কোনো প্রবেশমূল্য লাগে না।
২. রূপনারায়ণ নদীর ধারে চা আর ফুচকা ঘুগনী আইসক্রিমের দোকান পাবেন। লাঞ্চ করার মতো কিন্তু কোনো রেস্তরাঁ নেই।
৩. দয়া করে যেখানে সেখানে আবর্জনা ফেলে জায়গাটি নোংরা করবেন না।